দেখো, আমি কত তীব্র মলিন
এসো সূর্যগ্রহণ!
এসো জোসনায় ভেজানো অমাবস্যা!
ডিম ফাটা শব্দের রং গাঢ় লাল, কত কালচে,
কত বাকলের মত খসখসে, কত বেদনার মত খয়েরি!
এসো অনেক পাতার সবুজ অথবা, অনেক মৃত্যু
শাদা অনেক কালো পিতল স্রোত!
আমি কত মলিন দ্যাখো,
আমাকে কৃষ্ণকলি বলে, আমার রঙের মলিনতাকে
উচ্চতায় নিয়ে যাচ্ছো মনে করেছ?
এই সান্ত্বনার ভাষা আমি চিনি।
এ মলিনতা পাতার সবুজ অথবা অনেক মৃত্যুর মত ফিসফিস,
টিটকিরির স্রোতে ভেসে ভেসে পেরিয়েছে একাকি রাত্রি,
কত লবণজলের পথ ধরে ভেসে ভেসে এসেছে!
জন্মের পর থেকে এই মলিনের সাথেই আমি বড় হয়েছি!
ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছি।
নিজেকে ক্রমাগত বলে গেছি, তুমি এক অদ্ভুত সৃষ্টি জাগানিয়া
মলিন!
নিজেকে উড়িয়ে দিয়েছি ড্যামকেয়ারে, যা ভিন্নভাবে এসে গেছে
নতুন হচ্ছে শতাব্দী ধরে,
হাহা হিহি এখন আমার সবই আছে!এই যে এই বর্ণচ্ছটার
প্রতিযোগিতায় শামিল হতে না পারা আমি লাল লিপস্টিকে যা সেলফি হয়,
মুহূর্তে মুহূর্তে সেলফি হচ্ছি!
নীল মলিন নিয়ে কি উৎসব চলছে মনোমালিন্যে?
এক সময় সুন্দরী ছিলেন, কালো কিন্তু সুন্দর,
এসব না বলে আপনাদের সকালের চা আর বিকেলের কফি জমে না!
শাদা তো লাশের রং!
ভয় পেয়ে গেলেন হা হা!
এখন আমি কোথায়?
বেনিয়া সহকলায়?
শাহবাগ শূন্যতায়?
কেউ কী বুঝেপারছে না অথবা বুঝে বলছে না,
আমি মাতাল মারকুটে,
নির্দোষ অপমানে একদা পাগলা ন্যাংটো আদিম হয়েছিলাম বলে
এখন আর ভদ্রতার কাপড়ই গোছাতে পারছি না আহা!
শান্ত হও,চারপাশে ছায়া হয়ে
আমাকে ঘিরে বসে থাকে
মলিনতা সহোদরারা…





এখানে আপনার মন্তব্য রেখে যান