মনান্তর
যদি ফিরে যেতে চাও
তবে সম্পূর্ণ কর বৃত্ত
এ শুধু দ্রোহ নয়
সবুজ বিপ্লব আমার।
এখানে সমুদ্র তেমন চঞ্চল নয়, পরিণত ধীর
ভেতরে ভাঙন, বাইরে সর্বং সহা স্থির
অন্তিম নৈঃশব্দ্যতায়
নিজেকে বড্ড পরিত্যক্ত মনে হয়।
বাইরে থেকে বোঝার উপায় নেই
সমস্ত যুক্তিজাল ছিন্ন করে উল্টে যাচ্ছে
ভেতর বাড়ির কয়েকটি পৃষ্ঠা
ছিটকে পড়ছে ইট বালি পাথর।
দীর্ঘ কালের অভ্যাসে অনিবার্য যতি
অবসাদের নেশা আর ছাইচাপা দুঃখ উপভোগ করতে
হেঁটে চলে যাই, কবিতার লক্ষ্মণ রেখা ধরে
পা রাখি ধীরে ধীরে নরম শব্দের ঘাসে।
সন্ন্যাসী আঁধারে যার দিনাতিপাত
তাকেও একদিন আলোকবিদ্যা শিখে নিতে হয়।





মন্তব্য করুন