অগ্নিশিখা
আমি সেই মৃত্তিকা, যেখানে কেবলই বীজ রোপা
ফসল কাটে অন্য কোনো হাত
সেই খসড়া পাণ্ডুলিপি আমি, যার মর্ম ইতিহাস
লিখে যায় অপরের যুগ্মঠোঁট
আমি সেই মহানদী–স্বপ্নে যার নিমজ্জন গভীর
কূল কাঁপে স্পর্শাতুর অপর আগুনে।
আজ আমি শিখা–নেভে না যা কার্পাসের
তীব্র উজ্জীবনে
সেই আগুন, নিজ কাঠ নিজে নিজে জ্বলা…
ছাইয়ে লিখি নিজেরই এক বিবর্তিত নাম
আমারই ভস্মে মহীরুহ জন্মসাধ পূর্ণতর পায়
আমারই দাহে শৃঙ্খল ব্যাকরণ দহে অন্তহীন
মোনালিসার হাসি নই–আমি লাভা লৌহময়
অগ্নি তুলিকা আমি, যাতে আঁকি নিজেরই চিত্র
দুটি চোখ: চিরতর কুণ্ডগহ্বর
আমি সেই ক্যানভাস, স্বাক্ষরিত নিজেরই
লোহুতে!





মন্তব্য করুন