শব্দের দিগন্তে শেকড় : কবি শামীম আজাদকে নিবেদিত বিশেষ সংখ্যা


শামীম আজাদ: জীবন ও কাব্যানুসন্ধান

সাহিত্য জীবনের প্রতিফলন। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, ভাষা ও সাহিত্য আমাদের প্রথম ও অবিচ্ছেদ্য সঙ্গী। বিশেষ করে প্রবাসের জীবনে, যখন আমরা নিজেদের অস্তিত্ব ও পরিচয়কে দৃঢ় করতে চাই, তখন ভাষা, সাহিত্য ও সংস্কৃতি হয়ে ওঠে জীবনের অদৃশ্য ভিত্তি- এক প্রকার উত্তরাধিকারী ভীত, যা হৃদয়ের অন্তঃস্থলে গেঁথে আমাদের পরিচয়, আবেগ ও স্মৃতিকে একত্রিত করে, আমাদের সুসংহত করে।

শিকড় গত ২৭ বছর ধরে প্রবাসী বাংলাভাষী সমাজে সাহিত্যের এক অবিচল ধারক। এটি শুধু প্রকাশনা নয়; এটি আমাদের অস্তিত্বের দায়, আমাদের সংগ্রামের রূপক, আমাদের সংস্কৃতির ধারক। শিকড় প্রমাণ করেছে যে, প্রবাসে বাংলা সাহিত্য কেবল একটি সাহিত্যধারা নয়; এটি আমাদের পরিচয়, আমাদের সংগ্রাম, আমাদের ইতিহাস, আমাদের জীবনের প্রতিটি স্পন্দনকে সাহিত্যের ছন্দে রূপান্তরিত করে।
শিকড় তার সূচনালগ্ন থেকে সময়ের স্রোত গড়িয়ে, প্রজন্মের পালাবদল পেরিয়েও আমাদের বিশ্বাসে অটুট। ভাষা কেবল যোগাযোগ নয়, অস্তিত্বের পরিচয়; সাহিত্য কেবল রচনা নয়, আত্মার দিগন্ত উন্মোচন।
এই বিশ্বাসের ভিত্তিতেই শিকড় পরিবার আবেগকে সঙ্গে নিয়ে আয়োজন করেছে একটি বিশেষ সংখ্যা, বহুমাত্রিক সৃজনশীলতার ধারক, কবি, নাট্যকথক ও কথাশিল্পী শামীম আজাদ-এর ৭৪তম জন্মদিনকে কেন্দ্র করে।

সময় খুব সংক্ষিপ্ত, কিন্তু অনুভব ছিল গভীর ও আন্তরিক। অনেক মূল্যবান লেখা সময় ও স্থান সংকুলানের কারণে মুদ্রিত সংখ্যায় রাখা সম্ভব হয়নি। তবে সাহিত্য কাউকে বঞ্চিত করে না, যত লেখা এসেছে, এবং যে লেখাগুলো আসবে, সবই পর্যায়ক্রমে শিকড় এবং গ্লোবাল -এর ওয়েবপোর্টালে প্রকাশিত হবে, যাতে পাঠকের অনুভব, শ্রদ্ধা ও ভালোবাসার কোনোটিই অদৃশ্য না থাকে।


এই যাত্রাপথে শিকড় কেবল একটি সাহিত্যের কাগজ বা প্লাটফর্ম নয়, এটি প্রজন্মগত উত্তরাধিকার, যেখানে শব্দ হয়ে ওঠে সংস্কৃতির দূত। বাংলা সাহিত্য বিশ্বমঞ্চে তার দীপ্তি ধরে রাখবে তখনই, যতদিন আমরা ভাষার সেতু নির্মাণে সক্রিয় থাকব। সম্পাদনা পরিষদ, শিকড় গ্লোবাল সাহিত্য ফোরাম, প্রশাসনিক টিম, লেখক, কবি ও পাঠকসমাজ- সবার সম্মিলিত চেতনা ও অফুরন্ত সমর্থনই শিকড়-কে নিরবচ্ছিন্ন শক্তি জুগিয়ে চলেছে। পরিপূর্ণতার দাবি আমরা আজ করছি না, কারণ সাহিত্য কখনো সমাপ্ত হয় না; এটি চিরচলমান এক নদী। তবু আমরা বিশ্বাস করি- এই বিশেষ সংখ্যা হয়ে উঠবে প্রেরণা, কৃতজ্ঞতা ও ভালবাসার একটি প্রয়াস, যেখানে শামীম আজাদের সৃজনময় পথচলা নতুন প্রজন্মের চোখে জেগে উঠবে নব অনুপ্রেরণা হয়ে।


শব্দের এই দিগন্তে দাঁড়িয়ে আসুন- শুধু একজন কবিকে উদযাপন না করে, আমরা শুরু করি নতুন যাত্রা। তাঁর জন্মদিন উপলক্ষে আমাদের ক্ষুদ্র প্রয়াস যদি কোনো সার্থকতার স্পর্শ পায়- সে সার্থকতা আমাদের সকলের, যারা ভালোবাসা, লেখনী ও অনুভূতির মাধ্যমে এই সংখ্যায় অংশ নিয়েছেন।

আমাদের প্রিয় কবি শামীম আজাদকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অগাধ ভালোবাসা ও হৃদয়ভরা শুভেচ্ছা।
শুভ জন্মদিন, প্রিয় কবি।




Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending