অমর একুশের গান
(উৎসর্গঃ একুশের নায়ক আবদুল গাফফার চৌধুরীকে)

দিলু নাসের

ঋতু বসন্তে পাখি কুহুতান
শুনিয়া জুড়ায় প্রাণ
এমন দিনে মিলিত কণ্ঠে
অমর একুশের গান।

বাংলার আকাশে উড়ছে গানের
প্রাণের কথাগুলি
সালাম-রফিক প্রাণ দিয়েছিলো
শুনিতে মধুর বুলি।

জননীর কথা বাংলাভাষা
হৃৎ কলমের টান
ফেব্রুয়ারিতে সুরে সুরে তাই
গাই একুশের গান।

“আমার ভায়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি”
সারাটা বিশ্ব জাগিয়ে দিয়েছে
আমি কি ভুলিতে পারি?

পৃথিবীতে নেই ভাষার জন্য
এমন আত্মদান
ফেব্রুয়ারির একুশ তারিখ
এই গানে অম্লান।

একুশের ভোরে গেয়ে সুরে সুরে
কিংবদন্তি গান
ভাষা শহীদকে শ্রদ্ধা জানাই
বিনম্র করে প্রাণ।

একুশ আমার প্রাণের উৎস
চেতনার ঐকতান
যুগ-যুগান্ত একুশের শিখা
জ্বলবে অনির্বান।

যতো দিন রবে বাংলা-বাঙালী
এ বিশ্ব চরাচরে
একুশের গান দীপ্তি ছড়াবে
বাঙালীর অন্তরে।

একুশ যে আশা
একুশ যে ভালবাসা
একুশ দিয়েছে কোটি বাঙালির
মুখেতে মায়ের ভাষা

একুশ এনেছে জীবনের ঝড়
একুশ বেঁধেছে ঘর
একুশ হয়েছে বাঙালির নির্ভর
ভেঙেছে যে ভয়ডর
একুশ যে চির তারুণ্য দিয়ে গড়া
একুশ আমার, তোমার জীবন ভরা…


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending