যতদূর দেখা যায় বাহান্নোর বাতিঘর

দিলারা হাফিজ

ভাষা প্রেমে পথহারা এক জন্মান্ধ উঁই আমি—সর্বতো,সর্বহারা
শব্দই ব্রহ্ম—আমার!
এর চেয়ে বেশি কিছু জানি না!
প্রার্থনায় একটি শব্দের জন্যে সুনসান শূন্যতা আমার যায় না—
এই কাঙালপনা কখনো যাবে কি না—আমি জানি না—-
শব্দ ও বর্ণের কোষ ভেঙে মা যেমন বানান শেখায় শিশুদের
আজো তেমনি শিখি—ভিক্ষুকের থালা থেকে কুড়িয়ে নিই
আমি শব্দের মর্মরধ্বনি—-নিশিথে ও নির্জনে…
যেভাবে— বিভক্তি ও কারকের
প্রণয়রেখা ডেকে নেয় ভাষার গোপনগৃহে—
হৃদয়ের শান্ত মনোভূমে —
ঠিক সেভাবেই আমার কবিতা তুলে ধরি—সুদূরে সাম্যের বাতাসে—
জানি,বাংলার দুরন্ত আকাশ
তোমাকেও শিখে নিবে,
যাদের যা প্রয়োজন…তেমনি করে।
ভোরের দরোজা-জানালা যেভাবে খুলতে হয়
নিজেকে সেভাবে খুলে দাও হাট করে— বৈষম্য রেখো না!
ভাষার কক্ষপথ জুড়ে যত কাঁটা সরাও দুহাতে
মেলে ধরো,যতদূর দেখা যায় বাহান্নোর বাতিঘর…
কথা বলো, এতকাল বলোনি যেসব
পাকস্থলি শূন্য করে উগরে দাও কথার-বমি
ভয়-ভীতি, ঘৃণা-বিবাদ প্রণয়-সংশা
কিছুই স্থায়ী ভাব নয়
সকলি সঞ্চারী—প্রিয় শব্দের শরীরী-সখা…
জীবনও একটাই——কাকে তুমি ঠকাবে?
উর্দু কিংবা হিন্দি বাক্যব্যয়ে—
এই বাংলায় জন্মে ভুল করেনি—কেউ কোনোকালে!
বেহেশত ও স্বর্গ বলতে যা বোঝায়
সব অনুপান তার সুস্বাদু এই মাটিতেই পাবে,
পৃথিবীর চেয়ে স্বপ্নময় স্বর্গ কিংবা
বিপুল বেহেশতের বিধান আর কোথাও তুমি পাবে না—
খোঁজার মতো একজোড়া আঁখি চাই পদ্মপাতায় ঢাকা
মাতৃভাষার স্বাদ গ্রহণের জিহবা চাই একফালি
ভাষা প্রেমের একটি বাউল মন যদি থাকে সংসারে
যেতে পারো যতদূর তুমি যেতে চাও বাংলার অধিকারে!


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending