নারী-স্বাতন্ত্র

এমরান হাসান

একবিংশ শতাব্দী মানবসভ্যতার ইতিহাসে অসাধারণ দ্বৈততার যুগ। একদিকে প্রযুক্তির বিস্ফোরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ অভিযাত্রা, জিন—সম্পাদনা, ডিজিটাল অর্থনীতি—অন্যদিকে লিঙ্গবৈষম্য, সহিংসতা, দেহ—রাজনীতি, এবং সামাজিক শৃঙ্খলের অদৃশ্য শিকল। এই দ্বন্দ্বের কেন্দ্রে দাঁড়িয়ে আছে নারী স্বাধীনতার প্রশ্ন—যা কেবল একটি সামাজিক দাবি নয়, বরং একটি সভ্যতার নৈতিক পরিমাপও বটে।এই শতাব্দীতে নারী স্বাধীনতা কেবলমাত্র ভোটাধিকার প্রয়োগ এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগে সীমাবদ্ধ নয়; এই অধিকার নারীর আপন দেহের ওপর পূর্ণ স্বাধীনতার অধিকার, অর্থনৈতিক সক্ষমতা, রাজনৈতিক ক্ষমতায়ন, মানসিক স্বাধীনতা, এবং পরিচয়ের স্বায়ত্তশাসনের এক সর্বাঙ্গীনতা দাবি করে।

নারী স্বাধীনতার স্পৃহা ও ধারণা বহু পুরোনো হলেও আধুনিক সময়ে এটি স্পষ্ট ভাষা ও একত্রিকরণে রূপ পায়। ইউরোপীয় সভ্যতা ও মুক্তচিন্তা বিকাশের যুগে নারীর অধিকার নিয়ে যে চিন্তাধারা শুরু হয়েছিল, তা পরবর্তীতে বিশ্বব্যাপী নারীবাদী আন্দোলনে রূপ নেয় এবং সার্বজনীনতার ভিত্তি গড়ে তোলে। এই ধারার বুদ্ধিবৃত্তিক ভিত্তি নির্মাণে  Simone de Beauvoir- এর মতো দার্শনিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর বিখ্যাত বাণী “One is not born, but rather becomes, a woman” —নারী পরিচয়কে সামাজিক নির্মাণ হিসেবে ব্যাখ্যা করে। এই চিন্তাই পরবর্তীতে একবিংশ শতাব্দীর লিঙ্গ—রাজনীতির কেন্দ্রে স্থান পায়, যেখানে নারীকে আর কেবল জৈবিক সত্তা হিসেবে নয়, বরং সামাজিক—সাংস্কৃতিক শক্তি হিসেবে দেখা হয়।

একবিংশ শতাব্দীর সূচনালগ্নে বিশ্বায়ন এবং ডিজিটাল বিপ্লব নারীর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে। তথ্যপ্রযুক্তির প্রসার নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যম নারীদের কণ্ঠকে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দেয়। আগে যে অন্যায়, নির্যাতন বা বৈষম্য স্থানীয় সীমার মধ্যে আবদ্ধ থাকত, এখন তা মুহূর্তের মধ্যে বৈশ্বিক আলোচনায় পরিণত হয়। এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমেই বিশ্বজুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে এক অভূতপূর্ব আন্দোলন গড়ে ওঠে—গবঞড়ড় সড়াবসবহঃ। এই আন্দোলন প্রমাণ করে যে একবিংশ শতাব্দীর নারী আর নীরব নয়; তিনি নিজের কণ্ঠস্বরকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে জানেন। তবে এই শতাব্দীর নারী স্বাধীনতা কেবল প্রযুক্তিগত অগ্রগতির গল্প নয়; এটি প্রতিরোধের গল্প, প্রতিবাদের গল্প, এবং ভাঙনের গল্প। আধুনিক রাষ্ট্রব্যবস্থা নিজেকে গণতান্ত্রিক দাবি করলেও নারীর প্রতি সহিংসতা, বৈষম্যমূলক আইন এবং সামাজিক কুসংস্কার এখনো বহাল। বিশ্বের বহু দেশে নারীরা আজও শিশুবিবাহ, যৌতুক, সম্মানহত্যা, কর্মক্ষেত্রে হয়রানি এবং রাজনৈতিক বঞ্চনার শিকার। অর্থনৈতিক উন্নয়নের সূচক বাড়লেও লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য রয়ে গেছে। একবিংশ শতাব্দী যেন এক অদ্ভুত আয়না—যেখানে উন্নয়নের আলো আর বৈষম্যের অন্ধকার পাশাপাশি প্রতিফলিত হয়।

নারী স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ দিক হলো দেহের ওপর পূর্ণ অধিকার। গর্ভপাতের অধিকার, জন্মনিয়ন্ত্রণের স্বাধীনতা, যৌন সম্মতির প্রশ্ন—এসব একবিংশ শতাব্দীতে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। নারী শরীরকে নিয়ন্ত্রণ করার প্রবণতা বহু পুরোনো; কিন্তু আধুনিক সমাজে এটি নতুন ভাষা ও আইনি কাঠামোর মাধ্যমে প্রকাশ পায়। অনেক উন্নত দেশে নারীরা প্রজনন অধিকারের জন্য আবারও রাস্তায় নেমেছেন। এর অর্থ স্পষ্ট—স্বাধীনতা একবার অর্জিত হলে তা স্থায়ী হয় না; প্রতিনিয়ত রক্ষা করতে হয়।

একবিংশ শতাব্দীতে নারী নেতৃত্বের বিস্তারও উল্লেখযোগ্য। বিশ্বের বিভিন্ন দেশে নারী রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, কর্পোরেট প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার নেতৃত্বে আসীন হয়েছেন। এটি কেবল প্রতীকী সাফল্য নয়; এটি সমাজে নারীর সক্ষমতার স্বীকৃতি। উদাহরণস্বরূপ,  Angela Merkel দীর্ঘ সময় ধরে ইউরোপের সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন ছিলেন। তাঁর নেতৃত্ব প্রমাণ করে যে রাজনৈতিক স্থিতিশীলতা ও কৌশলগত দূরদর্শিতায় নারীরা কোনো অংশে পিছিয়ে নেই। তবুও বিশ্বব্যাপী রাজনৈতিক প্রতিনিধিত্বে নারীর সংখ্যা এখনো সমান নয়; সংসদ ও মন্ত্রিসভায় তাদের উপস্থিতি বাড়লেও তা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছেনি।

বাংলাদেশের প্রেক্ষাপটে নারী স্বাধীনতার প্রশ্নটি বিশেষ তাৎপর্যপূর্ণ। একদিকে তৈরি পোশাক শিল্পে নারীর ব্যাপক অংশগ্রহণ দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে; অন্যদিকে গ্রামীণ সমাজে এখনো পিতৃতান্ত্রিক মানসিকতা প্রবল। শিক্ষাক্ষেত্রে মেয়েদের অগ্রগতি প্রশংসনীয় হলেও কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা এবং সামাজিক বাধা রয়ে গেছে। নারী উদ্যোক্তা, ব্যাংকার, বিজ্ঞানী ও ক্রীড়াবিদদের উত্থান সমাজে নতুন দিগন্ত খুলেছে। কিন্তু একইসঙ্গে সাইবার বুলিং, অনলাইন হয়রানি এবং ডিজিটাল সহিংসতার মতো নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। অর্থাৎ প্রযুক্তি যেমন মুক্তির পথ, তেমনি নতুন শৃঙ্খলেরও জন্ম দেয়।

এই শতাব্দীর নারীবাদ বহুমাত্রিক। এটি কেবল মধ্যবিত্ত শিক্ষিত নারীর অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শ্রমজীবী নারী, আদিবাসী নারী, প্রতিবন্ধী নারী, যৌন সংখ্যালঘু নারী—সবাইকে অন্তর্ভুক্ত করে। এই অন্তর্ভুক্তিমূলক নারীবাদ পিতৃতন্ত্রের পাশাপাশি বর্ণবাদ, শ্রেণিবৈষম্য ও উপনিবেশিক মানসিকতার বিরুদ্ধেও অবস্থান নেয়। ফলে নারী স্বাধীনতা এখন এক সামগ্রিক সামাজিক ন্যায়বিচারের আন্দোলনে পরিণত হয়েছে। এটি কেবল নারী বনাম পুরুষের দ্বন্দ্ব নয়; এটি ক্ষমতার কাঠামো বনাম মানবিক মর্যাদার সংগ্রাম।

অর্থনৈতিক স্বাধীনতা নারী মুক্তির অন্যতম প্রধান ভিত্তি এই ধারণার সাধে দ্বিমত পোষন করেন না অধিকাংশ পুরুষ।বাস্তবতা হচ্ছে নারীর নিজের আয়,সম্পদের ওপর অধিকার, উত্তরাধিকার আইন—এসবই একজন নারীর সামাজিক অবস্থান ও মর্যাদা নির্ধারণ করে। একবিংশ শতাব্দীতে ক্ষুদ্রঋণ কর্মসূচি, নারী উদ্যোক্তা উন্নয়ন, এবং ডিজিটাল ফ্রিল্যান্সিং নারীদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার সুযোগ দিয়েছে এটি নির্জলা সত্য। কিন্তু একইসঙ্গে অস্থায়ী শ্রম, কম মজুরি, এবং কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক বৈষম্য তাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্তও করেছে অনেকক্ষেত্রেই। পুঁজিবাদী অর্থনীতি প্রায়ই নারীর শ্রমকে সস্তা সম্পদ হিসেবে ব্যবহার করার জন্যই মূলত অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি পেলেও ক্ষমতায়ন সবসময় সমানতালে বাড়ে না।অপরদিকে শিক্ষা নারী স্বাধীনতার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।এই শতাব্দীতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণায় নারীর সংখ্যা বাড়ছে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের মতো ক্ষেত্রে নারীরা ক্রমশ এগিয়ে আসছেন। কিন্তু সামাজিক পূর্বধারণা এখনো তাদের পথ রুদ্ধ করে। পরিবার ও সমাজ প্রায়ই নারীর সাফল্যকে ব্যতিক্রম হিসেবে দেখে, স্বাভাবিক ঘটনা হিসেবে নয়। এই মানসিকতার পরিবর্তন না হলে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয় না।পাশাপাশি সংস্কৃতি ও গণমাধ্যমও নারী স্বাধীনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিনেমা, সাহিত্য, সংগীত ও সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর উপস্থাপন অনেকাংশে বিবর্তন এনেছে। নারীরা আর কেবল নায়কের সহচরী নয়; তারা নিজস্ব কাহিনির নায়িকা। বিশ্বমঞ্চে নারী শিল্পীরা নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন। যেমন,  Beyonce তার সংগীত ও পারফরম্যান্সে নারীর শক্তি, আত্মমর্যাদা ও কৃষ্ণাঙ্গ নারীর পরিচয়কে গৌরবের সঙ্গে তুলে ধরেছেন। সাংস্কৃতিক উপস্থাপনায় এই পরিবর্তন সমাজের মানসিকতায় প্রভাব ফেলে, কারণ সংস্কৃতি মানুষের চেতনাকে নির্মাণ করে।

একবিংশ শতাব্দীর নারী স্বাধীনতা প্রযুক্তির সঙ্গে গভীরভাবে যুক্ত। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যালগরিদম ও ডিজিটাল প্ল্যাটফর্মের নকশায় যদি লিঙ্গ—পক্ষপাত থাকে, তবে তা বৈষম্যকে আরও প্রাতিষ্ঠানিক করে তোলে। তাই প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রেও নারীর অংশগ্রহণ জরুরি। অন্যথায় ভবিষ্যতের সমাজও পুরোনো বৈষম্যের পুনরাবৃত্তি ঘটাবে। ডিজিটাল নিরাপত্তা, অনলাইন গোপনীয়তা ও সাইবার আইনের প্রশ্নে নারীর অভিজ্ঞতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তবে নারী স্বাধীনতার সংগ্রাম কেবল বাহ্যিক কাঠামোর বিরুদ্ধে নয়; এটি অভ্যন্তরীণ মানসিকতার বিরুদ্ধেও। বহু নারী এখনো সামাজিক চাপে নিজের স্বপ্নকে ত্যাগ করেন। আত্মবিশ্বাসের অভাব, অপরাধবোধ, এবং সামাজিক লজ্জা তাদের পিছু টানে। তাই মানসিক মুক্তি নারী স্বাধীনতার অপরিহার্য অংশ। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমকে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে মেয়েরা নিজের সম্ভাবনাকে বিশ্বাস করতে শেখে।

একবিংশ শতাব্দী আমাদের সামনে এক কঠিন প্রশ্ন ছুঁড়ে দেয়—নারী স্বাধীনতা কি কেবল আইন ও নীতিমালার বিষয়, নাকি এটি নৈতিক ও সাংস্কৃতিক রূপান্তরের দাবি? আইন পরিবর্তন তুলনামূলক সহজ; কিন্তু মানসিকতা পরিবর্তন দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া। তবুও আশার কথা হলো, আজকের প্রজন্ম আগের তুলনায় বেশি সচেতন। তরুণ—তরুণীরা সমতার ভাষায় কথা বলতে শিখেছে। তারা জানে, নারী স্বাধীনতা পুরুষের পরাজয় নয়; এটি মানবতার বিজয়। এজন্যই এই শতাব্দীতে নারী স্বাধীনতা একটি চলমান বিপ্লব। এই বিপ্লব একদিনের অর্জন নয়; এটি প্রতিদিনের সংগ্রাম, প্রতিদিনের নির্মাণ। প্রযুক্তি, শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির সমন্বয়ে যখন নারী নিজের ভাগ্য নিজে নির্ধারণ করতে পারবে, তখনই এই শতাব্দী সত্যিকার অর্থে অগ্রগতির যুগ হিসেবে স্বীকৃতি পাবে। নারী স্বাধীনতা কেবল নারীর প্রশ্ন নয়; এটি সভ্যতার আত্মসম্মানের প্রশ্ন। যে সমাজ তার নারীদের স্বাধীনতা নিশ্চিত করতে পারে না, সে সমাজ কখনো পূর্ণাঙ্গ উন্নত হতে পারে না। একবিংশ শতাব্দীর প্রকৃত সাফল্য নির্ধারিত হবে এই প্রশ্নের উত্তরে—আমরা কি আমাদের নারীদের সত্যিকার অর্থে মুক্ত করতে পেরেছি?

আধুনিক বিশ্বে নারীর স্বাতন্ত্র্যবোধ মূলত নারীর একক অধিকারের উচ্চারণ কখনোই নয়; এটি সমগ্র মানবসমাজের মানসিক, সামাজিক ও রাজনৈতিক বিবর্তনের একটি গভীর প্রতিফলন। পুরুষের চোখে নারীর স্বাতন্ত্র্যবোধ কেমনভাবে প্রতিফলিত হয়, তা নির্ভর করে ইতিহাস, সংস্কৃতি, ক্ষমতার সম্পর্ক, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং শিক্ষা—দীক্ষার উপর। একবিংশ শতাব্দীর বৈশ্বিক বাস্তবতায় দাঁড়িয়ে আমরা দেখি, নারীর স্বাতন্ত্র্য আর কেবল একটি ব্যক্তিগত পরিচয়ের প্রশ্ন নয়; এটি নাগরিক অধিকার, মানবিক মর্যাদা, অর্থনৈতিক সক্ষমতা এবং আত্মনির্ধারণের অধিকারের প্রশ্নে পরিণত হয়েছে। তবু পুরুষের দৃষ্টিভঙ্গির মধ্যে এই পরিবর্তন একরৈখিক নয়; বরং এতে রয়েছে সমর্থন, সংশয়, প্রতিরোধ এবং পুনর্মূল্যায়নের এক জটিল মিশ্রণ।

ঐতিহাসিকভাবে পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা পুরুষকে ক্ষমতার কেন্দ্রস্থলে স্থাপন করেছে। পরিবার, সম্পত্তি, রাজনীতি, ধর্ম এবং জ্ঞানের উৎপাদন—প্রায় প্রতিটি ক্ষেত্রেই পুরুষের কর্তৃত্বকে স্বাভাবিক ও অনিবার্য হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। এই দীর্ঘ ইতিহাসের ভেতর নারীর স্বাতন্ত্র্যবোধ প্রায়শই দমন হয়েছে, কখনও অস্বীকার হয়েছে, কখনও বা রোমান্টিকভাবে বন্দি হয়েছে।

আধুনিক শিক্ষাব্যবস্থা ও গণমাধ্যম নারীর স্বাতন্ত্র্যবোধকে দৃশ্যমান করেছে। আজ নারী কেবল গৃহস্থালির গণ্ডিতে সীমাবদ্ধ নয়; তিনি বিজ্ঞানী, শিল্পী, রাষ্ট্রনেতা, উদ্যোক্তা, সামরিক কর্মকর্তা এবং প্রযুক্তিবিদ। উদাহরণস্বরূপ, অহমবষধ গবৎশবষ দীর্ঘ সময় ধরে জার্মানির নেতৃত্ব দিয়েছেন এবং বৈশ্বিক রাজনীতিতে প্রভাব বিস্তার অনেক ক্ষেত্রেই পুরুষের অবচেতনে রয়ে গেছে সেই পুরনো ধারণা—নারীর সাফল্য যেন ব্যতিক্রম, নিয়ম নয়। ফলে স্বীকৃতি ও সংশয়ের দ্বৈততা তৈরি হয়েছে অনেকক্ষেত্রেই।

অর্থনৈতিক স্বনির্ভরতা নারীর স্বাতন্ত্র্যবোধের অন্যতম প্রধান ভিত্তি। যখন নারী নিজের উপার্জনক্ষমতা অর্জন করেন, তখন তার সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। আধুনিক কর্পোরেট জগতে কিংবা প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে নারীর উপস্থিতি পুরুষের ঐতিহ্যগত আধিপত্যকে চ্যালেঞ্জ জানায়।

আধুনিক পুরুষের মনোজগতে একটি গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব কাজ করে। একদিকে তিনি সমতার আদর্শে বিশ্বাস করতে চান, অন্যদিকে সামাজিকীকরণের দীর্ঘ প্রক্রিয়ায় অর্জিত সুবিধা হারানোর ভয় তাঁকে অস্থির করে তোলে। এই দ্বন্দ্ব কখনও প্রকাশ্য বিরোধিতায় রূপ নেয়, কখনও নিঃশব্দ প্রতিরোধে। সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর কণ্ঠস্বর জোরালো হওয়ায় পুরুষের সামনে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। #গবঞড়ড় আন্দোলন তার একটি শক্তিশালী উদাহরণ, যা পুরুষের আচরণ, ক্ষমতা এবং নৈতিকতার প্রশ্নে বৈশ্বিক আলোচনার জন্ম দিয়েছে। এই আলোচনার ফলে অনেক পুরুষ আত্মসমালোচনায় উদ্বুদ্ধ হয়েছেন, আবার কেউ কেউ এটিকে ‘অতিরঞ্জন’ হিসেবে দেখেছেন। ফলে নারীর স্বাতন্ত্র্যবোধকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নটি নৈতিক ও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসে।

সংস্কৃতি ও সাহিত্যেও এই পরিবর্তনের ছাপ স্পষ্ট। আধুনিক বাংলা সাহিত্যে ও চলচ্চিত্রে নারী চরিত্রগুলো আর কেবল ত্যাগী বা নির্ভরশীল নয়; তারা জটিল, আত্মসচেতন এবং স্বাধীন সত্তা হিসেবে উপস্থাপিত। বিশ্বসাহিত্যে ঞযব ঝবপড়হফ ঝবী যেমন নারীর অবস্থান নিয়ে মৌলিক প্রশ্ন তোলে, তেমনি সমসাময়িক বিভিন্ন রচনা পুরুষের দৃষ্টিকে পুনর্গঠন করতে সহায়তা করে। পুরুষ পাঠক যখন এসব পাঠের মুখোমুখি হন, তখন তাঁর সামনে নারীর অভিজ্ঞতার এক ভিন্ন জগৎ উন্মুক্ত হয়। এই বোধ তৈরি হওয়া সহজ নয়; তবু সাহিত্য ও শিল্প সেই সংবেদনশীলতার ক্ষেত্র তৈরি করে।

নারী স্বাধীনতার ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যাখ্যা পুরুষের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। অনেক সমাজে ধর্মীয় পাঠের নির্দিষ্ট ব্যাখ্যা নারীর অধিকারকে সীমিত করেছে। তবে সমসাময়িক সময়ে বিভিন্ন ধর্মতাত্ত্বিক ও সমাজচিন্তকরা পুনর্ব্যাখ্যার চেষ্টা করছেন, যাতে লিঙ্গসমতা ও মানবিক মর্যাদার ধারণা প্রতিষ্ঠা পায়। পুরুষ যখন উপলব্ধি করেন যে ধর্মীয় মূল্যবোধ ও নারীর স্বাতন্ত্র্যবোধ পরস্পরবিরোধী নয়, বরং ন্যায় ও মর্যাদার প্রশ্নে সামঞ্জস্যপূর্ণ হতে পারে, তখন তাঁর দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। লক্ষনীয় যে,পরিবার নামক প্রতিষ্ঠানেও পরিবর্তন স্পষ্ট। আধুনিক নগরজীবনে দ্বৈত উপার্জনকারী পরিবার বাড়ছে, যেখানে গৃহকর্ম ও সন্তান লালন—পালনের দায়িত্ব ভাগাভাগি করার প্রশ্ন সামনে আসে। পুরুষ যদি এই ভাগাভাগিকে স্বীকার করেন, তবে নারীর স্বাতন্ত্র্যবোধ বাস্তব অর্থে শক্তিশালী হয়। কিন্তু যদি তিনি গৃহস্থালির দায়িত্বকে এখনও ‘নারীর কাজ’ হিসেবে দেখেন, তবে সমতা কেবল বাহ্যিক থাকে। এই ক্ষেত্রেই পুরুষের মানসিক রূপান্তর সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ব্যক্তিগত পরিসরে সমতা প্রতিষ্ঠিত না হলে সামাজিক সমতা অসম্পূর্ণ থেকে যায়।

শিক্ষা ও প্রযুক্তির প্রসার নারীর কণ্ঠকে বিশ্বমঞ্চে পৌঁছে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নারী নিজস্ব মত প্রকাশ করছেন, সংগঠিত হচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। পুরুষের কাছে এই দৃশ্য নতুন নয়, কিন্তু এর ব্যাপ্তি ও প্রভাব অভূতপূর্ব। ফলে পুরুষের চোখে নারীর স্বাতন্ত্র্য আর আড়ালে নেই; তা দৃশ্যমান, উচ্চকণ্ঠ এবং যুক্তিনির্ভর। এই দৃশ্যমানতা পুরুষকে হয় সহযোদ্ধা হতে আহ্বান জানায়, নয়তো বিরোধী অবস্থানে ঠেলে দেয়। আধুনিক মানবাধিকারচর্চা পুরুষকে স্মরণ করিয়ে দেয় যে সমতা কেবল নারীর দাবি নয়; এটি ন্যায়ের প্রশ্ন।

তবে বাস্তবতা জটিল। এখনও বিশ্বের বহু প্রান্তে নারী সহিংসতা, বৈষম্য ও অবমূল্যায়নের শিকার। আধুনিক শহুরে প্রগতিশীলতার আড়ালে গ্রামীণ বা প্রান্তিক সমাজে পুরুষের দৃষ্টিভঙ্গি অনেক ক্ষেত্রে অপরিবর্তিত। ফলে নারীর স্বাতন্ত্র্যবোধ একটি অসম সংগ্রামের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। পুরুষের শিক্ষা, সামাজিক সচেতনতা ও নৈতিক বিকাশ এই সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন পুরুষ উপলব্ধি করেন যে নারীর স্বাধীনতা তাঁর বিরুদ্ধে নয়, বরং মানবিক সম্পর্কের গভীরতা ও পারস্পরিক সম্মানের ভিত্তি, তখনই প্রকৃত পরিবর্তন সম্ভব।

ইতিহাসের গতিপথ দেখায়- যে কণ্ঠ দীর্ঘদিন নীরব ছিল, সে একদিন উচ্চারিত হয়; আর সেই উচ্চারণকে উপেক্ষা করা যায় না।

পশ্চিমা বিশ্বে দ্বিতীয় তরঙ্গ নারীবাদের উত্তরাধিকার বহন করে যে লিবারেল সমতা-চিন্তা গড়ে উঠেছিল, তা একবিংশ শতাব্দীতে এসে নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়ে। যুক্তরাষ্ট্রে ট্রাম্প-পরবর্তী রাজনীতির উত্থান, ইউরোপে ডানপন্থী জাতীয়তাবাদের প্রসার, কিংবা মধ্যপ্রাচ্যে ধর্মীয় রক্ষণশীলতার পুনরুত্থান—সবকিছু মিলিয়ে নারীর দেহ, পোশাক, প্রজনন-অধিকার এবং পারিবারিক ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে। উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্রে গর্ভপাত-অধিকারের প্রশ্নে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নারীর শরীরকে আবারও রাষ্ট্রীয় নীতির আলোচ্য করে তোলে; এর ফলে যে সামাজিক বিভাজন তৈরি হয়, তা প্রমাণ করে নারী-স্বাধীনতা কেবল নৈতিক বিতর্ক নয়, বরং ক্ষমতা ও নিয়ন্ত্রণের প্রশ্ন।

বিপক্ষ মতের প্রথম স্তরটি আদর্শগত। অনেকেই যুক্তি দেন, নারী-স্বাধীনতার আন্দোলন পরিবার-প্রতিষ্ঠানকে দুর্বল করছে, জন্মহার কমাচ্ছে, সামাজিক স্থিতি ভেঙে দিচ্ছে। এই যুক্তি নতুন নয়; ঊনবিংশ শতাব্দীতে শিল্পবিপ্লবের পরও অনুরূপ আশঙ্কা শোনা গিয়েছিল। কিন্তু একবিংশ শতাব্দীতে তা নতুন ভাষা পেয়েছে—‘পরিবার রক্ষা’, ‘ঐতিহ্য সংরক্ষণ’, ‘প্রাকৃতিক ভূমিকা’ ইত্যাদি শব্দবন্ধে। এখানে নারীকে মাতৃত্বের মাধ্যমে জাতির ধারক হিসেবে চিহ্নিত করা হয়, ফলে তার স্বাধীন পেশাগত বা ব্যক্তিগত সিদ্ধান্তকে ‘স্বার্থপরতা’ বা ‘পশ্চিমা প্রভাব’ হিসেবে দেখানো হয়। এই মতাদর্শে স্বাধীনতা মানে শৃঙ্খলাহীনতা; সমতা মানে প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহ। ফলে নারী-স্বাধীনতার ধারণাকে সাংস্কৃতিক আক্রমণ হিসেবে উপস্থাপন করা হয়। এর পরের স্তরটি ধর্মীয় ব্যাখ্যার। ইসলামি, খ্রিস্টীয় বা হিন্দু সমাজে নানা ধারার ব্যাখ্যা থাকলেও একাংশ রক্ষণশীল মানুষ ও ধর্মতাত্ত্বিক নারী-স্বাধীনতার দাবিকে ধর্মীয় বিধানের বিপরীতে দাঁড় করান। তারা বলেন, ঈশ্বর-নির্ধারিত ভূমিকা অতিক্রমের চেষ্টা নৈতিক অবক্ষয়ের কারণ। কিন্তু একই ধর্মীয় ঐতিহ্যের ভেতরেই সমতা-ভিত্তিক ব্যাখ্যা বিদ্যমান—যেমন ইসলামের ইতিহাসে সুফি ঐতিহ্যে নারী-আধ্যাত্মিকতার স্বীকৃতি, কিংবা খ্রিস্টধর্মে মুক্তি-তত্ত্বের আলোকে নারীর মর্যাদা পুনর্বিবেচনা। তবু বাস্তব রাজনীতিতে প্রভাবশালী হয় সেই ব্যাখ্যাই, যা বিদ্যমান পিতৃতান্ত্রিক কাঠামোকে অক্ষুণ্ণ রাখে। ফলে ধর্মীয় ভাষ্য একদিকে বিশ্বাসের বিষয়, অন্যদিকে সামাজিক নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে ওঠে।পাশাপাশি বিশ্বায়নের যুগে নারীর শ্রমবাজারে প্রবেশ বৃদ্ধি পেয়েছে, কিন্তু একই সঙ্গে অনিশ্চিত, নিম্নবেতনের এবং অনানুষ্ঠানিক খাতে নারীর উপস্থিতিও বেড়েছে। অনেক রাষ্ট্রে নারী-শ্রমকে ‘সস্তা শ্রম’ হিসেবে ব্যবহার করা হয়; পোশাকশিল্প, গৃহশ্রম, সেবা খাত—সবখানেই নারীর শ্রমকে মূল্যহীন বা স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। বাংলাদেশে তৈরি পোশাকশিল্পে নারীর বিপুল অংশগ্রহণ অর্থনৈতিক ক্ষমতায়নের একটি দিক হলেও, একই সঙ্গে তা নিম্ন মজুরি ও কর্মস্থল নিরাপত্তাহীনতার বাস্তবতাও তৈরি করেছে। এখানে নারী-স্বাধীনতার বিপক্ষ কার্যক্রম সরাসরি নিষেধাজ্ঞা নয়; বরং এমন কাঠামো সৃষ্টি করা, যেখানে নারী কাজ করবে, কিন্তু সিদ্ধান্ত নেবে না; উপার্জন করবে, কিন্তু সম্পদের মালিক হবে না। অর্থনৈতিক স্বাধীনতার ছদ্মবেশে নির্ভরতার নতুন রূপ তৈরি হয়।আবার বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম নারীদের কণ্ঠকে বিশ্বময় পৌঁছে দিয়েছে, কিন্তু একই সঙ্গে অনলাইন হেনস্তা, ট্রোলিং, ডক্সিং, চরিত্রহনন—এসবের মাধ্যমে নারীর কণ্ঠ রুদ্ধ করার নতুন কৌশল তৈরি হয়েছে। ডিজিটাল সহিংসতা নারীর মানসিক নিরাপত্তাকে আঘাত করে; অনেকেই প্রকাশ্যে মত দিতে ভয় পান। ফলে প্রযুক্তি মুক্তির হাতিয়ার হলেও, তা নিয়ন্ত্রণের নতুন প্রক্রিয়াও বটে। একবিংশ শতাব্দীতে নারী-স্বাধীনতার বিপক্ষ শক্তি তাই কেবল রাস্তায় নয়, অ্যালগরিদমের ভেতরেও সক্রিয়।

রাষ্ট্রীয় পর্যায়েও হয়তো দেখা যায় নীতির দ্বৈততা। একদিকে নারী-উন্নয়ন নীতি, কোটা, শিক্ষা-বৃত্তি; অন্যদিকে পারিবারিক আইনে বৈষম্য, উত্তরাধিকার বণ্টনে অসমতা, রাজনৈতিক প্রতিনিধিত্বে প্রতীকী উপস্থিতি। অনেক দেশে নারী সংসদ সদস্যের সংখ্যা বাড়লেও, সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রীয় স্থানে পুরুষতান্ত্রিক মনোভাব অটুট থাকে। ফলে নারী-স্বাধীনতার বিপক্ষে কার্যক্রম সবসময় আইন ভঙ্গ করে না; বরং আইনের ভেতরেই সীমাবদ্ধতা নির্মাণ করে। এই সূক্ষ্ম কাঠামো বিশ্লেষণ ছাড়া প্রকৃত চিত্র স্পষ্ট হয় না।

আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নারীবাদের অভ্যন্তরীণ বিভাজনকে ব্যবহার করা। লিবারেল, র‍্যাডিক্যাল, মার্কসবাদী, ইসলামি—বিভিন্ন ধারার নারীবাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। বিপক্ষ শক্তি এই বিভাজনকে উসকে দিয়ে আন্দোলনের ঐক্য দুর্বল করে। উদাহরণস্বরূপ, পশ্চিমা নারীবাদকে ‘ঔপনিবেশিক’ বা ‘সংস্কৃতি-বিরোধী’ আখ্যা দিয়ে স্থানীয় প্রেক্ষাপটে সমতা-আন্দোলনকে সন্দেহের চোখে দেখা হয়। এতে নারী-স্বাধীনতার দাবি জাতীয়তাবাদী আবেগের বিরুদ্ধে দাঁড়ানো এক প্রকার ষড়যন্ত্র হিসেবে চিত্রিত হয়। ফলে আন্দোলনের নৈতিক ভিত্তি প্রশ্নবিদ্ধ হয়।

একবিংশ শতাব্দীর বিশ্বরাজনীতিতে শরণার্থী সংকট, যুদ্ধ, অর্থনৈতিক মন্দা—এসব পরিস্থিতিতে নারী-স্বাধীনতা প্রায়শই প্রাধান্য হারায়। নিরাপত্তা ও স্থিতিশীলতার নামে কঠোর নীতি গ্রহণ করা হয়, যার প্রভাব নারীর ওপর বেশি পড়ে। যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতা অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়; শরণার্থী শিবিরে নারীরা অনিরাপদ থাকে। তবু এই বাস্তবতা অনেক সময় আন্তর্জাতিক আলোচনায় প্রান্তিক থেকে যায়। ফলে সংকটময় সময়ে নারী-স্বাধীনতার প্রশ্ন পিছিয়ে পড়ে—এটিও এক ধরনের কাঠামোগত প্রতিরোধ।

এই শতাব্দীতে নারী-স্বাধীনতার বিপক্ষ মত ও কার্যক্রম তাই কেবল প্রকাশ্য নিষেধাজ্ঞা নয়; এটি এক জটিল ক্ষমতা-জাল। পরিবার, ধর্ম, রাষ্ট্র, বাজার, মিডিয়া, প্রযুক্তি—সব মিলিয়ে একটি বহুমাত্রিক প্রতিরোধ কাঠামো তৈরি করে। এই কাঠামো ভাঙতে হলে কেবল আইন নয়, মানসিকতা ও সাংস্কৃতিক বয়ানেও পরিবর্তন আনতে হয়। সমতা মানে সমরূপতা নয়; বরং মর্যাদার সমান স্বীকৃতি। কিন্তু বিপক্ষ মত এই সূক্ষ্ম পার্থক্য মুছে দিয়ে স্বাধীনতাকে বিশৃঙ্খলার সমার্থক হিসেবে উপস্থাপন করে।

শেষ পর্যন্ত সত্যিকার অর্থে প্রশ্নটি নৈতিকতার। নারী কি নিজ শরীর, শ্রম, চিন্তা ও স্বপ্নের ওপর পূর্ণ অধিকার রাখবে? নাকি সেই অধিকার পরিবার, ধর্ম বা রাষ্ট্রের অনুমোদনের ওপর নির্ভর করবে? একবিংশ শতাব্দীর সংঘাত এই প্রশ্নেই কেন্দ্রীভূত। নারী-স্বাধীনতার বিপক্ষ শক্তি নানা যুক্তি, ভয় ও আবেগ ব্যবহার করে বিদ্যমান কাঠামো রক্ষা করতে চায়। কিন্তু ইতিহাস দেখায়, মানবমর্যাদার বিস্তারকে দীর্ঘদিন আটকানো যায় না। প্রতিরোধ যতই জটিল হোক, প্রশ্ন ততই স্পষ্ট হয়—স্বাধীনতা কি কেবল কিছু মানুষের বিশেষাধিকার, নাকি সবার মৌলিক অধিকার? এই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে ভবিষ্যতের সমাজের চরিত্র এবং প্রবাহমান সময়।

আধুনিক বিশ্বে পুরুষের চোখে নারীর স্বাতন্ত্র্যবোধ একটি পরিবর্তনশীল পরিস্থিতি।এটি স্থির কোনও একক বোধ নয়, বিতর্কিত এবং পুনর্নির্মাণশীল। এই প্রক্রিয়ায় পুরুষের আত্মসমালোচনা অপরিহার্য। তাঁকে বুঝতে হবে যে ক্ষমতার একচেটিয়া অধিকার মানবিক নয়; বরং পারস্পরিক সম্মানই সুস্থ সমাজের ভিত্তি। নারীর স্বাতন্ত্র্যবোধ মানে বিচ্ছিন্নতা নয়; এটি আত্মমর্যাদা, সক্ষমতা এবং স্বাধীন সিদ্ধান্তগ্রহণের অধিকার। আধুনিক পুরুষ যদি এই সত্য উপলব্ধি করতে পারেন, তবে লিঙ্গসমতার পথ আরও সুগম হবে।

নারীর স্বাতন্ত্র্যবোধকে স্বীকৃতি দেওয়ার অর্থ কেবলমাত্র একটি লিঙ্গের অধিকার রক্ষা নয়; সেই সাথে মানবসভ্যতার নৈতিক উন্নতির লক্ষণ। পুরুষের চোখে এই স্বাতন্ত্র্য যদি প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং সহযোগিতার প্রতীক হয়ে ওঠে, তবে আধুনিক সমাজ আরও ন্যায়ভিত্তিক ও মানবিক হয়ে উঠবে। হয়তো এই পরিবর্তন সময়সাপেক্ষ, কিন্তু অনিবার্য।

Top of Form


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending