পাহাড়চূড়ার দ্বিধা
দম বেঁধে পাহাড়ে উঠতে গেলে
নিচুস্বরে আলিঙ্গন শুরু, পাতাদের
বলে, এখন তোর বুকের গহ্বরে
আমাদের শেকড়ের গল্প জমা হবে।
উপরে প্রখর সূর্য, থমকে দাঁড়ানো—
আলো তার এক পা এগিয়ে
পুনরায় পিছু হাঁটে, চিহ্নবাহী পথে
সুদূরের বার্তাবহ হাওয়া জানে,
পাহাড়ের খাঁচকাটা প্রতিটি ধাপ
যেন এক একটি জ্বলন্ত দ্বিধা—
মাটি বলে, এখন একটু থামো
আকাশ বলে, এগোও উচ্চতার
ধ্যানে, চূড়ার আস্বাদটুকু পাবে।
পায়ের তলায় নুড়িপাথরের গড়াগড়ি
ঘামের বিন্দু থেকে শিশিরজন্ম
পাতা বলে, আমরা তো আছি নিচে,
উপরে কেবল উৎকণ্ঠার ঘোলা মেঘ।
পথের সঙ্গে চুক্তি বাঁধা অঙ্গীকারে পা—
আমি উঠবো, তুই তলায় দাঁড়ানো
সূর্য দাহিকা যদি পথ আগলানো দ্বিধা
তবে এই পাহাড়ের নাম হবে মানুষ।






এখানে আপনার মন্তব্য রেখে যান