গেটওয়ে অফ হেভেন শঙ্কর বসু

তোমার এলিয়ে পড়া ঘনকেশরাশি, গৌরী,
ধূর্যটির জটা হ’য়ে, মহামায়ামেঘ হ’য়ে,
ঢেকে দিচ্ছে তপবন, পুনর্জন্মঘোর লাগা
বিরাট এ রাতে..
ত্রিনয়ন – শৃঙ্গার তিলক হ’য়ে দপদপে..
থেকে থেকে, ঠোঁটের ছোঁয়ায়..

এই ঠোঁটে রজঃ-লালা-নিম-মধু-বাটালঙ্কা-কষা-অম্ল
অমৃত ও হলাহল..
এই ঠোঁটে অক্ষয় ত্রিগুন..

তোমার বিস্ময়চক্ষু বিস্ফারিত … উৎকর্ন সজাগ শ্রুতি ~
মধুময় দংশনাভাসে –
ওই চোখে কপোতাক্ষী ময়ূরাক্ষী মাথাভাঙ্গা জলোচ্ছ্বাসে
তিস্তা চূর্ণী অঘোর সুনামি

ওই চোখে ডানাভাঙা ছিন্নপর্দা মিলনবেদনা
প্রতিবার… প্রতিভাষ … প্রথম … নতুন …
ওই চোখে অনাদিকালের তাপ – অশ্রুমুক্তো – আনন্দ-ঝিনুক …

আর ওই খুলে যাওয়া অধরোষ্ঠ – লেগে যাওয়া দাঁতে দাঁত
ভগীরথ-টানে ভাগীরথি –
উর্দ্ধরতি – গঙ্গারতি –
কোটি-রমণের সুখ
প্রতি খোলা-বন্ধের স্পন্দনে…
চরাচরব্যাপী… শ্বাসে শ্বাসে…
শুখামাসে সামবেদে সম্বেদে আর্দ্র
নিরাময় নিরাময় যত দীর্ণ গভীর অসুখ
আরণ্যক… আরণ্যক… শিবনেত্রে মগ্ন জাগরূক …


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending