চৈত্রি প্রেমের সাতকাহন
দিঘির কালো জলে ডাহুকের ডুব সাঁতার
সাঁঝের আঁধারে মুগ্ধ ক্ষণের মায়াজাল
শূন্যতা ছাড়িয়ে হঠাৎ কোথায় উড়ে যায় সাদা বক
শুকনো নদীর চরে চলে গাংচিলের পূর্ণ আবর্তন
দ্বিধান্বিত আমাদের বিষণ্ণ সময় দেয় ভুলিয়ে
কোন সে মায়ায়, মধুমাখা যেন প্রজাপতি ক্ষণ
বসন্তদিনগুলির পাতাঝরার শ্বাসে ডুবে থাকে চারপাশ
সহস্রাব্দপুরনো চৈত্রসংক্রান্তির চড়কমেলা আর
বোশেখের গোবর নিকোনো আঙিনা আলপনায় রাঙানো ঘরদোর
তোমাকে আজও প্রণয়ের ডাক দিয়ে যায়-
চাতক দিন গুনে চলে
এখনো সেই কস্তুরী ঘ্রাণে বিভোল হাজার বছর






এখানে আপনার মন্তব্য রেখে যান