পথের বাঁকে

ভেসে যাওয়া অভিমান আঁচলাভরে তুলে রাখি কাজলে
রাতের তৃষ্ণার্ত চরজুড়ে নিঃসঙ্গ হরিণীর হিমায়িত শ্বাস
পা ফেলে ফেলে চলে গেছে জ্যোৎস্নার হরিণ
রাতের ভারি নিঃশ্বাস ভেঙে তবু জাগে যৌন বাসর।

আমতলা জুড়ে তোমার পায়ের শব্দ আজো আসে
ঘ্রাণ ছুঁয়ে চলে গেছে কত তন্দ্রাচ্ছন্ন বিকেল
তালপুকুরে ঢেউগুলি ছুঁয়ে ছিল তোমার নীল শাড়ি
চোখের নিচে শুয়ে কতশত নারানবাঁধের দুঃখকথা।

নিহত অন্ধকারে জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে ঘরে
আজো প্রহর ভাঙে অষ্টাদশী চাঁদ
ক্লান্ত শরীর ক্লান্তিহীন হোম জাগায় শরীরে
নিঃসঙ্গ আলপথ জুড়ে তোর কথা জাগে।

সেই কবে ভেঙে দিয়েছি গৈরিক শরীর
তোর অববাহিকায় আজো লাল স্রোত ভাসে।
চোখের চরে যূথবদ্ধ গভীরে একাকী শূন্যতা
অপরাজিতা পথ চেয়ে বসে আছে গবাক্ষের ফাঁকে।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

One response to “গুরুপদ মুখোপাধ্যায়”

  1. চমৎকার ভাব প্রকাশ আর উপমার সমাহার। ভালো লেগেছে।

মন্তব্য করুন

Trending