ভরসা রাখো
কোনো শহর বা নগর নয়,
তোমার নামে একটি গ্রাম গড়বো...
অনেকগুলো ঘর-উঠোন-তুলসীতলা থাকবে,
পাশাপাশি দু'টি মন্দির আর মসজিদের মধ্যিখানে ব'সে
কখনও রবীন্দ্রনাথ, কখনও নজরুল,
কখনও বেগম রোকেয়া পড়বো...
রাত্রি নিঝুম হ'লে
চাঁদভাঙা জ্যোৎস্নায় দাওয়ায় বসে জীবনানন্দ;
ভরসা রাখো,
এক গোচারণ আনন্দ থাকবে জীবনে!
ঘরটির নাম দেবো,ইচ্ছেপূৃরণ,
আর গাঁয়ের নাম বেলাভূমি।
আমাদের এক্কেবারে নিজস্ব একটি বাগান থাকবে
আর থাকবে সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন একটি পুকুর;
মধ্য আষাঢ় এবং শ্রাবণে পুকুরটির আদুল বুকে
খিলখিলিয়ে পড়তে দেখবো যুবতী বৃষ্টিকে,
জল ছুঁইছুৃঁই শেষ সিঁড়িটিতে ব'সে তুমি
লাল রঙ্গন আর মাধবিলতা-ফুল ভাসিয়ে দেবে
কাগজের নৌকায় চাপিয়ে...
আলপাট সেরে হাঁপাতে হাঁপাতে এসে
সদ্য গামছা খোলা মাথাটি
অবুঝ শিশুর মতন রেখে দেবো পেলব সিক্ত কোলে...
ভরসা রেখো
তুমি আসতে আসতে হয়তো নয়
কিন্তু আস্তে আস্তে হ'লেও নিশ্চয় সব হবে।
Leave a Reply