বিতৃষ্ণায় ভ্রম
কোন যুগে এসে দাঁড়িয়েছে কেউ জানে কি,
এইই কি শেষ যাত্রা মহা ঘূর্ণনের অক্ষ পথে?
কবিতা লিখতে গেলে কালির বদলে বিষের ধারা বয়ে যায়
ভেবেছিলাম, সারা জীবন ধরে লিখব প্রেমের কবিতা,
আবেগের কবিতা, প্রকৃতির ভালোবাসার আলিঙ্গনের কথা
কিন্তু এখন আমার কলম লেখে অন্য কিছু।
শুধু অন্তরের দোয়াত থেকে বিষ মসি চুষে চুষে
লিখে চলে খুনি আর ধর্ষকের কথা।
প্রবঞ্চনার বীভৎস চাপে মানুষের পিষ্ট হবার কথা
কটু বাক্যের উগ্রতার আঘাত সভ্যতার কণ্ঠনালীতে,
শালীনতা বিসর্জন দেয়া মানুষের তীব্র জিঘাংসা
কলমে ছোটে বিষের প্রবাহে অনাকাঙ্ক্ষিত ভাষ্যের চিৎকার।
বিষ মসি কালির দোয়াতে কলম ডুবিয়ে ডুবিয়ে
লিখে চলে শিশুদের ধর্ষিত বীভৎস দেহের বর্ণনা,
লিখে নারীর অবাঞ্ছিত নিগ্রহ আর বঞ্চনার কথা-
ভেসে চলে যায় যত ভাবনা সব প্রেম,
প্রকৃতি আর সৃষ্টির প্রার্থনা-
এই বিষের কষ্টে হয়ে গেছে অন্ধকারে আবিষ্ট অন্তর।
যেখানে শয়তানের অট্টহাসি জাগায় ভীষণ ভীতি
বিতৃষ্ণায় ভ্রম হয় আমি যেন চলে গেছি অন্য পৃথিবীতে-
জন্ম নিয়েছি ইবলিশের কারসাজিতে দুনিয়ার বাইরে কোথাও।
Leave a Reply