মোনালিসা

দা ভিঞ্চি, দেখেছ কখনও
তোমার মোনালিসাকে অমাবস্যার  অতল অন্ধকারে?
দেখেছ তাকে,
যখন চাঁদের নিঃসঙ্গ আলো গলে পড়ে তার মুখে?
দেখেছ কখনও
মৃদু হাসির অন্তরালে একাকীত্বের বিষন্নতা?

তুমি তো শিল্পের উন্মত্ত আরাধনায়
এঁকেছিলে এক অনন্ত রহস্য,
নিজের কল্পনার রঙে রঙ্গিন করেছিলে তাকে।
চেয়েছিলে তোমার নাম নক্ষত্রেরও ওপারে অমর হয়ে থাকুক।

তা হয়েছে, শিল্পী।
তবু পড়তে পারোনি মোনালিসার মন,
শুনতে পাওনি তার স্তব্ধ আর্তনাদ,
দেখতে পাওনি তার হাসির গহ্বরে
সহস্র অবদমিত কান্না।
ক্যানভাস জয় করেছিলে,
মানুষটিকে নয়।

যেদিন নীরবে ভেঙে পড়েছিল সে
পুরুষের লোলুপ দৃষ্টির নির্দয় অপমানে,
সেদিন কোথায় ছিলে তুমি?
তোমার তুলি কি ছুঁয়েছিল তার নোনাজল,
নাকি চিরকাল
শুধু তার স্বভাবজাত ভ্রান্ত হাসিটুকুই এঁকে গেছ?
জানি তার উত্তর তোমার কাছে নেই
তুমি কেবল অমরত্বের উত্তরাধিকারী!


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading