বিচ্ছেদ ছুঁই না

কামিনীর সুগন্ধ ভরা ঝুলবারান্দায়
কাউকেই না বলা কষ্টকথায়
নিমগ্নচিত্তে অজানা ভাবনায় বূদ হয়ে বসে থাকি
অবচেতনেই স্মৃতি বিস্মৃতির অতলে ডুবে
কল্পনার রাজ্যে পরিভ্রমণ করি
অতীত থেকে বর্তমানে এমনকি ভবিষ্যতেও হাঁটি
শৈশব হেঁটে কৈশোরে আসি…
অতঃপর যৌবনের শিমুলরাঙা পথে
রোদ্দুর ছুঁয়ে ফড়িংয়ের মতো ওড়ে যাই
চলার পথেই পারফিউমের সুঘ্রাণযুক্ত
প্রজাপতি আঁকা হুলুদ খাম হাতে পেয়ে
ধুকপুক বুকে প্রথম প্রেমের অনুভূতি ছুঁই।
কখনো সোহাগের রেণু মাড়িয়ে
কখনো বা বিরহের চিতার অনলেও
অবলীলায় হেঁটে যাই।
না না, আমি বিচ্ছেদ ছুঁই না!
বিচ্ছেদে বড্ড ভয় আমার
ভীরুতা আমাকে বিচ্ছেদের পথে হাঁটতে দেয় না
রঙবেরঙের কষ্টগুলোকে স্তুপ করে
বুকের অতল গহীনে পাহাড় বানাই।
সে পাহাড়েও সবুজ দূর্বাঘাস এবং
গুল্মলতায় শাখা প্রশাখায় বুনোফুল চাষ করি
তবু বিচ্ছেদ ছুঁই না কখনোই।
জানি, অতিরিক্ত আসক্তি অনেক যন্ত্রণার হয়
তারপরও প্রেমের আসক্তিকেই বেছে নিই
কিছুতেই বিচ্ছেদ ছুঁই না আমি
ব্যথার গ্লানিবোধটুকু অদেখা রেখে
প্রণয়ী সম্পর্কের পথে জোড়শালিক হয়েই হাঁটি।



Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading