কবিগুরু এবং বিরহ
২২ শে শ্রাবণ স্মরণেー
বিরহের নির্মল বায়ু ছুঁয়ে ছিলো আপনার
আত্মার গহীন
কান পেতে রইলেন আজীবন।
দুর্দান্ত অনুভবের শব্দ অক্ষর সাজিয়ে
যুগান্তর পৌঁছে গেলেন
অপর হৃদয়বীণায়,
মুঠো ভর্তি কষ্ট, বেদনা, ভালোবাসা ছড়িয়ে দিলেন
কোটি মানুষের মনের কোঠায়,
পেলেন অমরত্বের স্বাদ ।
প্রেম-বিরহ ছুঁয়ে গেলে আমরাও
ডুব দেই আপনার বিশাল জ্ঞান ভাণ্ডারে
খুঁজে ফিরি উপশম,
কখনো শুশ্রূষা মেলে পুরোপুরি
কখনো অধরাই থেকে যায়,
অনুভবের ভেজাল বিন্যাসে
অনুমানও হয়না সঠিক ।
সাহিত্যের সর্বক্ষেত্রー
অনুক্ষণ শিখি আপনার কাছেই
কিন্তু, জীবন শিখি না!
কুড়িয়ে পাওয়া জীবনটা তাই বড়ো
বেশি খাপছাড়া
বড়ো বেশি বেদনাময়।
দহনের মেঘজমা নোনাজলে
মাঝে মাঝেই সেথায়ー
পাথর বৃষ্টি হয়
গল্প হয়
কমজোর কবিতাও হয়।
Leave a Reply