অবলুপ্তির দিকে ক্রমশ
পাথরের চোখ নজর বলতে শুধু অন্ধকার
তিরধনুক নিয়ে বিষয় আশয় নিয়ে
অন্ধকার চোখে নিয়ে বিস্বাদ বিবাদ নিয়ে
মানুষের দিকে কে আর যেতে পারে
আলোর দিকে
যে পিঠে আলো সেখানে আমি যেতে পারি না
গ্রহণের দিকে পূর্ণ গ্রহণের দিকে হেঁটে যাই
সামনে আর্শি ধরে নদী
মুখ দেখতে গিয়ে কেবল হাঁমুখ হাঙ্গর দেখে
বুঝতে পারিনা সত্য কোথায়
এরকম আয়নায় ঝুঁকে আকাশ কিছুটা নীল রঙ গুলে দেয় দেখি ,
মাঝে মাঝে সন্ধের মুখে রানি রঙও ঢালে
আমি সে সব ছুঁতে পারি না
চোখ থেকে ভালোবাসা ভেসে গেলে
জানালায় বিভৎস হাঙ্গর কিলবিল করে
যে পিঠে আলো যে পিঠে কদমতলা যে পিঠে রাধা
সেসব ভুলে গিয়ে
হাঁটতে হাঁটতে গ্রহণের দিকে
ক্রমশ হারিয়ে যায়
হাজার হাজার বছরের এই শহরের পথ






Leave a Reply