বর্ষামল্লিকা
বর্ষামল্লিকা
সাঈদা আজিজ চৌধুরী
বর্ষামল্লিকা বললো—
মেঘের ভেতর হাঁটতে চাই,মেঘ এনে দাও
দুপুর দহনে কাজল পুকুরে
হাঁসের মতো ভেসে থাকবো
অপেক্ষার ক্লান্তি মুছে
তবে ঘরে ফিরবো।
বললাম—অধুনা মেঘের দল
যক্ষের পত্র করে না বহন
মধুমতী মেঘনার জল,সবুজ পাতার শিশির
দিবস রাত বুকের আকাশ
প্রাচীন ব্যথার মোহ-মুখোশ
হাসে বিদ্যুৎ ঝিলিক।
সংক্ষিপ্ত যাত্রাবিরতি হৃদয়ের মিছিল
বুকের বাঁ-পাশ চেপে আমিও হাজির
হয়তো দেখা হবে বন্ধু,হয়তো না
ছলকে ছলকে পদ্মপুকুর।
মেঘের যাত্রা অলকাপুরী
পথে দেখা পাহাড়ী কন্যার সাথে
জাদুবলে আটকে পড়ি চুম্বকের মতো
শাদা জোছনা রাতে।
ইচ্ছে আকাঙ্ক্ষায় কতোটুকু হয়
আকাশের ইশারায় জন্মগ্রহ পথ বদলায়
বিচ্ছিন্ন প্রেমজল ছড়িয়ে ছিটিয়ে
আকাশ পৃথিবীময়—
স্মৃতিভ্রষ্ট আশ্চর্য প্রহর
প্রবাহবহুল নদীর বাঁক পরিবর্তন
বৃষ্টির জানালায় বর্ষামল্লিকা
বিরহের জলে ভেজা গৌর শরীর।
Leave a Reply