পাপের গড়া পূর্ণ হলে
গঙ্গা জলে ধুয়ে দিব তোমার দেহের আনাচকানাচ!
প্রেমের সিদ্ধি খাবো ঢকঢক করে,
তবুও কি পবিত্রতা শব্দের মূল হবে নষ্টভ্রষ্ট?
হতে রাজি-
যুগল আলাপে ভিজতে গিয়ে সাপের মনি খুঁজতে যাবো না,
ওখানে কোন চমৎকারিত্বই নেই।
বরং –
অসংখ্য ছোবলে বিদগ্ধ হতে হতে আমরা হবো নীল,
প্রগাঢ় নীল অনুভব!
ভীষণ রাজি, পরিচ্ছন্নতা অভিযান সিটি কর্পোরেশনের-
হোক তবে সেই নিয়ম।
তোমার আমার কেবল প্রণয় হোক-
আশ্রয়ের,
তোমার আমার সমীকরণ হোক প্রশ্রয়ের।
এতো লুকোচুরি!
দিনে কেন রাত, রাতে কেন প্রকাশ্যের উদ্দামতা – মিলিয়ে যাওয়া থাক শুধু।
আমরা না হয়-
ভ্রষ্ট হলাম,
ভুলের গায়ে – ফুল ফোটালাম।
ভীষণ আবেশে জড়িয়ে গেলাম, অদ্ভুত আর অপূর্বতার মিশেলে একাকার হলাম।





মন্তব্য করুন