নগরনামা
শহরটা ঘুমোয় না—
ঘুমোয় শুধু দেয়াল,
ঘুমোয় বিজ্ঞাপন, রঙিন হোর্ডিংয়ে লুকানো স্বপ্ন
আর মিথ্যা আশ্বাস।
এখানে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে
একটা অন্ধ আশা—
তার চোখে আলো নেই,
তবু সে চেয়ে থাকে—
হাত উঁচিয়ে।
নর্দমার গন্ধে জন্ম নেয় কবিতা
যে কবি নেই,
আছে শুধু কিছু ভাঙা শব্দ—
হকারের হাঁক, বাচ্চার কান্না,
আর নীরব লজ্জার মতো শ্রমিকের নিঃশ্বাস।
রাত হলে শহর ঢেকে দেয় নিজের ক্ষত
আকাশে চাঁদ উঠে না,
জ্বলে শুধু বিলবোর্ড—
পুঁজিপতি তোমাকে বলছি
হা তোমাকেই বলছি
“এ শহর তোমারও হতে পারে একদিন।”
শহর কারো নয়—
সে শুধু ভোগ করে
লাভ গুনে,
ভুলে যায় মুখ,নিজের নাম,রক্তাক্ত শরীর—
শুধু মনে রাখে উৎপাদনের পরিসংখ্যান
আর লুন্ঠনের হিসাব।
তবুও সকালের আশায় ঘুমিয়ে পড়ে কিছু স্বপ্ন
ছেঁড়া কাঁথার নিচে,
শীতল রাস্তার পাশে
পাঁউরুটির মতো সস্তা জীবনের ভিতর
উষ্ণ চায়ের কাপে।
শহরটা ঘুমোয় না—
কারণ সে জানে,
যদি ঘুমায় একবার,
এই নিঃশব্দ মানুষগুলো জেগে উঠবে—
দাবি নিয়ে।






এখানে আপনার মন্তব্য রেখে যান