পরন্তপ

এক জটিল জাল নকশায় হাবুডুবু খেয়ে
ভাসছিলাম বহুকাল
সাঁতার জানিনাー
তবুও, ডুবে যাইনি।
শিকারীর ক্রমাগত নিক্ষিপ্ত পাথর ঢিলে
শান্ত দীঘির জলে উদ্বেলিত নীলঢেউ
পাড় ভাঙা উজান স্রোতে রক্তাক্ত হৃদয়-মন।

একজীবন অবিশ্বাস ভাঙচুর করেছে
বুকের পাঁজর
বিলীন হয়েছে শরীরী অবয়ব
ছায়াহীন ডুবতে ডুবতে শুধু
শিরটাকে বাঁচাতে পেরেছি
তবে, শিরটাকে যে বাঁচাতে পেরেছি,
এই ঢের!

মুমূর্ষু দেহে তীরে উঠে দেখি ক্লান্তি ভর করেছে
অরির বিষাক্ত তীরের ডগায়
ছড়ানো ছিটানো হাড়গোড়ে মুখ থুবড়ে পড়ে আছে
ইশপের গল্পের ধূর্ত পরিণাম।

সমুদ্রনীল নোনাজলー
ব্যথার উপশম হয়ে ধুয়ে নিয়েছে
অঙ্গের ক্ষত,
চোখের দৃষ্টিতে সয়ে গেছে নিকষ অন্ধকার
অভ্যস্ত হয়েছি কষ্ট সমীকরণে।
মন বলল, ” বাঁচতে শেখো!
একবার বাঁচতে শেখো, অরিন্দম।”


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending