তিনটি কবিতা


রোদ শুকিয়ে উঠছে
আর মাটি র ওপর কেবল বুড়ো আঙুল রেখে
তোমার  বনবনে
নাচের মুদ্রা ঝরছে
নগ্নতা মাটি থেকে ঘুরে ঘুরে কোমরে
দুহাত শরীর থেকে লম্বভাবে দুদিকে
এসবে ব্যালে ভেঙে পড়ে কেবল
ক্যানো যে বাসন না মেজে
নাচো
খিড়কীর
ঘাটে
জলপরী
ছড়াও কেন তবে !



রোদ ঘুমিয়ে পড়ছে
মোটা পর্দার পীঠে যতটা আলো
তাহার বুকে ততোটা অন্ধকার
বুক ভালোবাসো তাই সেদিকে ফিরেছ
হুহু করে বাতাস ঢুকিয়ে ঢুকিয়ে 
রোদকে সুড়সুড়ি দিচ্ছো
জাগিয়ে রাখছো
ঘরদোর মুচেছো ?
তাঁবুর মধ্যে সেঁধিয়ে সেঁধিয়ে
কি যা তা খুঁজছো জ্বরের দুকুরে



রাস্তা এমনিই পড়ে আছে
তার গায় ইভিনিং ওয়াল্ক 
ইরেজার দিয়ে রোদ মুছে
এখন পাখী ঠুকরোচ্ছে নীমফুল
ফাঁকাআআ বলে ডাকলেই
রাস্তা মুখ বাড়াচ্ছে জানলায়
ঠোঁট ছুঁইয়ে গান তুলছো 
গলায় কাশি বেজে উঠছে আমার
ঘড়ঘড় করে রেল যায়
পেছন থেকে তোমাকে দেখে
এখনো গ্রেটা গার্বো মনে হয়
আমি এতোটা খোঁড়া
তোমার খোঁপা ভেঙে পরলেও
ধরতে পারিনা আর

Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending