ছায়াসংঘাত
শৃঙ্খলে আটকে আছে আত্মার স্বর
শেকল ভেঙে ছেড়ে দেবে কে!
কোন উদ্যত ফণা রজ্জুর মতো লকলকিয়ে
স্বরকে জোরালো করবে গাঢ় থেকে গাঢ়তর!
যেন এক প্রবল সমুদ্র, কোটিবর্ষের গুমোট হুংকার
রুষ্ট ক্ষুব্ধ প্রলয় নিয়ে
ফেনিয়ে ফেনিয়ে বিস্ফোরিত হবে চিৎকারে
যদিও জেনো,
ক্ষতি হবে জলের, মৃত্তিকার, সুপ্তবীজের।
শেকল বাঁধা স্বর
যখন হবে সমস্বর
ইতিহাস লড়বে যখন সাম্প্রতিকের বিপরীত
তখন ক্ষতিগ্রস্ত হবে মরালীর উঁচু গ্রীবার মতো বর্ণমালা।
স্লেটের অক্ষরগুলো মুছে যাবে,যদি আত্মার স্বর আটকে যায় শেকলে
তবে,
জারুলফুল হারাবে তার রঙ
মাটি হবে বন্ধ্যা
আর
মৃত মাছেরা ভেসে উঠবে রক্তনদীতে।
তথাপি স্বরের কম্পন পাতাল ফুঁড়ে ধ্বনিত হতে হতে
স্পর্শ করুক আকাশের উপরের আকাশ
শেষ বারের বাজিতে ধরেছি এবার
আমার বর্ণমালা
ধরেছি মাটির স্লেট,
তুলসীতলা আর
জায়নামাজের মতো পবিত্র মানচিত্র।
ছায়াসংঘাত
সাদিয়া নাজিব






Leave a Reply