আমার বাংলা ভাষা

হিন্দোল ভট্টাচার্য

তোমাকে পুরোটা বলতে পারি না, বুঝি, ভাষা নেই
বুকের ভিতরে কী যেন দলা পাকিয়ে আসে
কে যেন মাথার ভিতরে বারবার টোকা মেরে বলে,
এত অপমান কোরো না, এত সন্ত্রাস না
আমার ভাষা তো এত শাসক ছিল না
আমার ভাষা তো ছিল না এত মন্দির মসজিদ হানাহানি
ঘামের সঙ্গে যে রক্ত মিশে আছে, তা আমার বাংলা ভাষা
যে লাশ এখনো মাটির ভিতরে গোপনে বিস্ফোরক হয়ে উঠছে
তার নাম আমার বাংলা ভাষা
যে রাগ চোখে চোখ রেখে বলতে চাইছে, আমি ঘুরে দাঁড়াব
সে আমার বাংলা ভাষা
যে জেদ হারতে চায় না, যে স্বপ্ন মানুষকে ঘুম থেকে তুলে আনে
তার নাম আমার বাংলা ভাষা
তোমাকে পুরোটা বলতে পারি না, বুঝি ভাষা নেই
বুঝি তোমার সামনে বসে বোবা হয়ে যাই
আমার দুচোখ দিয়ে জল ঝরে শুধু
আমার ঠোঁট কাঁপে, অভিমানে, কষ্টে, অপমানে
আমি জিততে চাইনি, এখন কবরের উপর কবর, চিতার উপর চিতা
এখন শ্মশানের উপর আকাশছোঁয়া আবাসন
এখন ঘরের ভিতর ধকধক করে বিনোদন বিনোদন বিনোদন
এখন পাশ ফিরলেই আগুন
শ্বাসের ভিতর ঢুকে পড়ছে কালো ধোঁয়া
আমি তোমাকে বাঁচাতে পারিনি, সব ভেঙে পড়ছে
চারিদিকে দরজা ভেঙে ফেলার শব্দ
দেওয়াল ভেঙে যাওয়ার শব্দ
বাড়ি ভেঙে ফেলার শব্দ
আমার মায়ের মুখের দিকে তাকিয়ে
দুচোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল, সেও আমার বাংলা ভাষা
চোখে চোখ রাখার সময়
দেওয়ালে পিঠ ঠেকে গেলে
আমার বাংলা ভাষা একদিন গেরিলা সৈনিক হয়ে যাবে

আমি শুধু তার জন্য লিখে যাব ছোট ছোট ভালোবাসাগুলি


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading