পারভীন শাহনাজ


যে কাঠুরিয়া সেদিন বোধিবৃক্ষটা কেটেছিল
তার সেই কুঠারের দাম এখন কোটি টাকা
রাষ্ট্রীয় সম্মানেও তাকে সম্মানিত করা হচ্ছে বারবার
যুগে যুগে অযোগ্য আর সমাজের জন্য ক্ষতিকর
মানুষগুলোর পায়েই এভাবে
তথাকথিত সম্মান আছড়ে পড়ে,
এটা তেমন কোন গুরুত্বপূর্ণ বিষয় নয়
সবচেয়ে বড় কথা হলো, প্রথম যেদিন তুমি যে ভূমির ওপর
দাঁড়িয়ে সূর্যের চোখে চোখ রেখে প্রতিজ্ঞা করেছিলে
এই সব অনিয়ম পালটে দেবে
যেদিন প্রথম
তোমার আঙুলগুলো শক্ত আর মুষ্টিবদ্ধ হয়েছিল
অন্যায় আর অপমান মেনে না নেয়ার সিদ্ধান্তে
যে শস্য ক্ষেতের দিকে তাকিয়ে তুমি প্রথম সবুজ রঙ চিনেছিলে
যে নদী তোমাকে ঢেউ গুনতে শিখিয়ে ছিল,
বলেছিল ছুটে চলার নামই জীবন স্থবিরতার অপর নাম মৃত্যু
আর যে কোকিলের কাছে প্রথম জেনেছিলে পাখির সব কুহুতানই গান নয়, কখনো কখনো প্রতিবাদও হয়
সেদিনই তোমার প্রথম জন্ম হয়েছিল জানবে।
আকাশ বুকে যেমন নীল জমিয়ে রাখে তেমনি বিদ্যুৎ ও ধরে রাখে
শুধু মনে রেখো, রক্তের রঙ চিরকালই লাল।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading