মাশরুরা লাকী

কংক্রিটে আটকে পড়া ফেনায়িত চা’য়ে
মানচিত্র গলাই—
সিঙ্গেল মল্ট হুইস্কির টেবিলে
একা হিমালয়
ডার্ক মোড স্ক্রিনে মৃত নীল
শব্দে ডুবে আছে
বুদ্ধিজীবির কলম ঝরে
ভার্সিটি ক্যাফেটেরিয়ায়।

বারুদের স্ফুলিঙ্গ
শুধু ধুলো—
ইনডেমনিটি বিলের স্ক্যান করা পৃষ্ঠায়
রক্তের মিছিল ভাইরাল
ক্যামেরা ফ্ল্যাশে ঝলসানো শকুনের চোখ।

আমার মেয়ে
গুমোট কারান্ধকারে
পাথর শয্যায় ভাঙছে ফুল ফোটার যন্ত্রণা
দেয়ালে আঁকা জ্যামিতিরা
নির্বাক দেখে
জন্মদাত্রীর রক্তস্রোত
কম্পিউটার স্ক্রিনে তা কেবল
একটি নীলাভ নোটিফিকেশন
ইতিহাসের প্রসববেদনা লাইভ….

আমি
ইনবক্সে জমা হওয়া হুমকি
সেলফি তোলা বিপ্লব
হ্যাশট্যাগে ভাসা বিদ্রোহ—
সাত কোটি এখন সতেরো কোটি নোটিফিকেশন
ডিজাইনার শার্টে সেলাই লাল-সবুজ।

তবুও—
আমার চোখ
ভাঙা চশমার ফ্রেমে দেখা
একবিংশ শতাব্দীর দর্পণ
ভিজে যায়
বৃষ্টিদিনের
ফেসবুক মেমোরিতে
তোমাদের রক্ত
অশ্রু হয়ে
ফটো অ্যালবামে ঘুরে বেড়ায়।

আমিই
টাইমলাইনের পিনড পোস্ট
ডিজিটাল জয়বাংলা
ভেরিফাইড একাউন্টের নীল টিক
অনলাইন কাঁটাতারে ঘেরা স্বাধীনতা—
তবুও পদ্মা
আমার বুকে
জেগে থাক
নদীর মতো
কোনো পুরনো কবিতার লাইনে।

লাল-সবুজের পিক্সেল
জ্বলে, অনির্বাণ
— তোমাদেরই, মুজিব।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

One response to “আমি, মুজিব”

  1. অসাধারণ অনুভূতি সম্পন্ন লেখা।

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading