লগ্নিপত্র
সত্যটা এমনি
মানুষই মানুষের স্বপ্নের চোখে পাথর ছুঁড়ে
তুমি যখন নীল সমুদ্র বরাবর হাঁটতে হাঁটতে আলোর দরোজায় পৌঁছে যাবে
তোমার কোলাহল পদক্ষেপে বালির স্তূপ
শরীর থেকে সময়ের নিঃশ্বাস বিলুপ্তপ্রায়।
এক আকাশ বৈধতা নিয়েও ঢেউয়ের শব্দগুলো যতই ওড়াবে
মানুষই তোমার অদ্ভুত মুখের সামনে আরো অদ্ভুত হবে।
সত্যটা সবসময়ই কঠিন
আগুনের গল্পে যেমন শেষ জবানবন্দী এগিয়ে রাখার তাগিদ
স্ক্রিনে আলোক বর্তিকা ভেসে উঠলে ঝুঁকে দেখবে লৌকিক অপচয়
অঢেল শ্রম ছুঁইয়ে পড়বে জন্মছকে।
সত্য কোন মিথ নয়
পাথর ভেঙে আগুন বের হবার আগেও ধর্ষিত হয়েছে মানুষের চোখ
সেসব চোখেই অপচয় হয় ভাগাভাগি হয় লগ্নিপত্র সুখ।






এখানে আপনার মন্তব্য রেখে যান