বিষফল
সর্বত্র বিষফলের গন্ধ
গঙ্গার জল থেকে সাউথ সিটির
সুদৃশ্য ফুড কোর্ট,
যেখানে মানুষ হাঁটে, কথা বলে,
মৃদু আলো জ্বেলে নিশ্বাসে
বমি করে রক্তে ভেজা লোভ
সেখানেই বিষবৃক্ষের অপূর্ব আবাদ
হৃদপিণ্ড ফুসফুস যকৃত
কোথাও থাকেনা কোনও ক্ষোভ।
এযুগে বিষবৃক্ষ সতত উর্বর
নীল বিষফল খোলস ছাড়ালে
রঙ বদলায়
মানুষের চোখ এক একটা খোলস
ছাড়ানো বিষফল হয়ে ওঠে
সময়ের অক্ষ অতিক্রম করে
শুধুই আগুন ভাসে
আগ্রাসী আগুন
কে কাকে পোড়াতে পারে
তারই খেলা চলে
চতুর্দিকে লক্ষ চিতা
মিটিমিটি হাসে।





Leave a Reply