কেউ একা নয়
কেউ একা নয়,
তবু কেউ কেউ একা হয়ে যায়,
ধীরে ধীরে পরিণত হয় নির্বাসিত দ্বীপে।
স্তব্ধ পাথর-বুক বয়ে
পার করে দেয়
হাজারো স্মৃতির শ্যাওলা-ঢাকা
বাকরুদ্ধ অনন্ত সময়।
গদ্য, পদ্য কিছুই নয়,
বাক্সবন্দি আবেগের চারুকলা নিয়ে
নিঃশব্দ, নিশ্চুপ বসে থাকা,
আর প্রিয় উন্মুক্ত আকাশ অবগাহন।
শুধু ভেসে আসে
সুগন্ধি হাওয়ার পরিবর্তে,
ইচ্ছের বিরুদ্ধে ছাইচাপা নিরুত্তাপ বিদ্রোহ,
আর দিনযাপনের
ধূসর, ক্ষয়িষ্ণু উপাখ্যান।






Leave a Reply