সাবওয়ে প্ল‍্যাটফর্ম

সেইন্ট মাইকেল হাসপাতাল থেকে ম‍্যামোগ্রাম শেষ হলে
মনোরম ডানডাস মোড় থেকে সাবওয়ে ধরে
ইউনিয়ন স্টেশনে যাবো বলে দ্রুত দাঁড়িয়েছি এসে!
যাওয়া-আসার এই প্ল‍্যাটফর্মে আমিও অচেনা আগন্তুক!

সাবওয়ের অপেক্ষা ঘিরে নানা বর্ণ ও গন্ধের মানুষ,
অগ্রগণ‍্য শাদা কানাডিয়ান ও বাদামীর পাশে
দু’চারজন মেঘ-মল্লার কালো-মানুষও আছে
উজ্জ্বলবর্ণে দৃষ্টি তারা কেড়ে নেয় অনধিক যাত্রীর—-

কফিকাপ হাতে—-সদ‍্য ক‍্যাফে থেকে সরাসরি
এসে দাঁড়ায় গুটিসুটি হোমলেস, কাঁধের মস্তব‍্যাগে তার
পুরো জীবনের ছেঁড়া-খোঁড়া তৈজস-মায়ার বিড়‌ম্বনা!
পোশাকে তার ধুলো-ময়লার সঙ্গে ভূমিহীন স্মৃতিচিহ্ন…

তরুণ-তরুণী-বৃদ্ধ যে যার মতো সুশোভন বসেছে সীটে
সতর্ক উদাসীনতা টেনে নিয়েছে নিজের নিরাপত্তা ঘিরে।

মনের দুর্গম রাস্তায় ঘুরছি আমি লাল স্ট্রিটকার ফাইভ-টেনে—-
ওয়েস্ট বাউন্ড ধরে শেষ পর্যন্ত আমাকে নামতে হবে
ব্রেমনার বুলেভার্ড — আমিও যে ওখানে অচ্ছুতের
বেড়াজালে বন্দী, পৃথিবীর অন‍্যতম এক বিদীর্ণ হোমলেস!


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Trending

Discover more from শিকড় (Shikor)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading